গণ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মনসুর মুসার বিদায় সম্ভাষণ
গণ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রখ্যাত ভাষাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর মুসার বিদায় সম্ভাষণ অনুষ্ঠিত হয়েছে। ০২/০৭/২০২৬ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এ আয়োজনে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ এস এম দেলওয়ার হোসেন। ইংরেজি বিভাগ এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনসহ গণ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মনসুর মুসার দীর্ঘ ১৩ বছরের কর্মজীবনের উপর স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি বক্তব্য রাখেন।
বিদায়ী শিক্ষক অধ্যাপক মনসুর মুসা বলেন, “বাংলা ভাষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে শুধু বাঙালিদের নয় বিদেশীদেরও বাংলা শিখিয়েছি। বিদেশীদের বাংলা শেখার কোন বই ছিলো না। পরবর্তীতে বিদেশীদের বাংলা শেখানোর বই রচনা করেছি”। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই শোচনীয় উল্লেখ করে এই শিক্ষাবিদ বলেন, জাপান, চীন, কোরিয়ার মডেল অনুসরণ করে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকের বিষয়বস্তু নির্বাচনে সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান তিনি।
অধ্যাপক মনসুর মুসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনষ্টিটিউটের পরিচালক এবং দুই মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মানুষের ভাষা সমস্যা সম্পর্কে তিনি বহু প্রবন্ধ রচনা করেছেন। বাংলা ভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে অবদান রাখায় ২০২৫ সালে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন। তিনি ২০১৩ সালে গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন এবং ৩০জুন ২০২৬ ইং তারিখে অবসর গ্রহণ করেন।
