পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে রাষ্ট্রের ব্যয় শিক্ষার্থীদের অজানা গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী
views
July 18, 2026
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে দেশ, রাষ্ট্র, সরকার কত টাকা ব্যয় করে তা শিক্ষার্থীদের অজানা। এজন্য আমাদের শিক্ষার্থীর জাতির প্রতি কোন বাধ্যবাধকতা নেই। একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন জানে তাঁর পড়াশোনায় কত খরচ হচ্ছে তেমনি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরও তাঁর শিক্ষা ব্যয় জানা উচিত”। ১১.০৬.২০২৬ইং তারিখ শনিবার সাভারে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত গণ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে হবে। এজন্য কারিগরি শিক্ষার উপর জোর দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধা হচ্ছে একজন শিক্ষার্থীর সম্পদ। মেধাকে চর্চা করে নিজের, দেশের ও জাতির উন্নয়ন করতে হবে।
মন্ত্রী আরো বলেন, উচ্চশিক্ষা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়; এটি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার অন্যতম মাধ্যম। প্রতিষ্ঠা লগ্ন থেকেই গণ বিশ্ববিদ্যালয় এই দর্শনকে ধারণ করে দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ছিল এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, যেখানে শিক্ষার মাধ্যমে কেবল পেশাজীবী নয়, সমাজ পরিবর্তনের নেতৃত্বও তৈরি হবে। গণ বিশ্ববিদ্যালয় সেই স্বপ্ন বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বাণিজ্যিকীকরণের যুগে গণ বিশ্ববিদ্যালয় অল্প খরচে আধুনিক শিক্ষাদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ তমিজ উদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ও আয়োজন কমিটির সচিব ড. ফুয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
