ব্যক্তি মালিকানা নয় সামাজিক মালিকানায় দেশের সার্বিক উন্নয়ন সম্ভব- গণ বিশ্ববিদ্যালয়ে শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী
ব্যক্তি মালিকানা নয় সামাজিক মালিকানায় দেশের সার্বিক উন্নয়ন সম্ভব- গণ বিশ্ববিদ্যালয়ে শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশ, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়ন করতে হলে ব্যক্তি মালিকানা নয় সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ গণ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, রাষ্ট্রে সকল মানুষের সমান অধিকার ও সুযোগ থাকতে হবে, রাষ্ট্রের আসল মালিকানা হবে জনগণের। বাংলাদেশ ঔপনিবেশিকতা থেকে মুক্ত হতে পারেনি মন্তব্য করে ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ব্রিটিশ থেকে শুরু করে আজকের বাংলাদেশের ধনীরা এখানকার শ্রমিকের সম্পদ লুন্ঠন করে বিদেশে প্রতিনিয়ত পাচার করছে বলেই বাংলাদেশ এত দরিদ্র। গণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এই শিক্ষাবিদ আরে বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনেক ভুল তথ্য রয়েছে যা একজন শিক্ষার্থীকে আত্নোন্নয়নে উৎসাহিত করে, সমাজের উন্নয়নে নয়। কিন্তু এ মানসিকতা পরিবর্তন করে শুধু নিজের মুক্তি নয় সমাজের ও দেশের মুক্তির উদ্দেশ্যে জ্ঞান আহরণ করতে হবে। তিনি আরো বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ও সামাজিক মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে এ গণ বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন ও রেজিস্ট্রারসহ অন্যান্যরা।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং শপথবাক্য পাঠ করেন গণ বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের জুলাই-২০২৫সেশনের নবাগত শিক্ষার্থীরা।
