গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি (সহ-সভাপতি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ছাত্র মোঃ রায়হান খানসহ সম্পাদকীয় পদে বিজয়ী ১১জন সদস্য শপথ গ্রহণ করেছেন। ০৯/১০/২০২৫ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার দুপুর ২.৩০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। একই দিনে কার্যনির্বাহী ১০ সদস্যকেও শপথ বাক্য পাঠ করানো হয়। গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে কোন রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত না করা, ছাত্র অবস্থায় কোন দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত না হওয়া সর্বোপরি ছাত্রদের আর্থিক ও মানসিক সমস্যা নিরসন এবং ছাত্র-শিক্ষ সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন, শিক্ষার্থীদের দ্বারা কোন সেশন জট সৃষ্টির বিষয়ে সচেষ্ট থাকার শপথ নেন সদ্য নির্বাচিত সদস্যগণ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও এরপর বিশ্ববিদ্যালয়ের পরিচয়বাহী সঙ্গীত (থিম সং) পরিবেশন করা হয়। শপথ বাক্য পাঠের পর বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজয়ীদের মধ্যে ভিপি (সহ-সভাপতি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ রায়হান খান, কোষাধ্যক্ষ খন্দার আব্দুর রহিম বক্তব্য রাখেন। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিগত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত একযোগে ১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে ৯জন, সাধারণ সম্পাদক পদে ৪জন সহ মোট ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেন ৬৩জন প্রার্থী। ভোটার সংখ্যা ছিল ৪৭৬১ জন। নির্বাচিত এ ছাত্র সংসদের মেয়াদ হবে ২ বছর। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এবং একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতিশীল করা, অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাত্র সংসদ ব্যবস্থা প্রণয়ন করেন। বিগত ২০১৩, ২০১৫ ও ২০১৮ সালে যথাক্রমে গণ বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ সম্পাদকীয় পদে বিজয়ী ১১জন এবং কার্যনির্বাহী ১০ সদস্যকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।
