গণ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তি শুধুমাত্র একজন ব্যক্তির মুক্তি ছিলো না বরং তা ছিলো অবরুদ্ধ বাংলাদেশের অবদমিত স্বাধীনতার মুক্তি। ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রবিবার গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি আরো বলেন, ফ্যাসিবাদী সরকার ১৯৭৫ সালের ৭ নভেম্বরের তাৎপর্য ও গুরুত্বকে মুছে ফেলার জন্য গত ১৭ বছর ধরে চেষ্টা করেছে। ইতিহাসকে চাপা দেয়া যায় কিন্তু কখনো মুছে ফেলা সম্ভব নয়। বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ইতিহাস এবং এর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের সংক্ষিপ্ত বর্ণনা করে তিনি আরো বলেন, ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে সাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিলো তার মূল লক্ষ্য ছিলো বৈষম্যহীন ও শোষণমুক্ত রাষ্ট্রগঠন। কিন্তু স্বাধীনতা পরবর্তীতে তৎকালীন মুজিব সরকার যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন ও অর্থনীতির পুনর্জাগরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়। ববং সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা ও নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতি, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, রাজনৈতিক প্রতিপক্ষককে দমনের জন্য যে অপতৎপরতা তা দেশকে গভীর সংকটের দিকে ধাবিত করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুজিব পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা, সংকটকে আরো ঘনীভূত করে। এই পরিস্থিতিতে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন। পরে ৭ নভেম্বর সিপাহি—জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন পথের সূচনা হয়। পরবর্তীতে ১৯৭৭ সালে জিয়াউর রহমানের বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর শাসনামলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলো বাংলাদেশীদের নতুন রাষ্ট্রীয় পরিচয়। এছাড়া তাঁর রাজনৈতিক দর্শন ও উন্নয়নের কৌশল, রাস্ট্রের প্রতি জনগণের আস্থা, জাতীয় ঐক্য, অর্থনৈতিক কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ ও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের দৃঢ় অবস্থান তৈরি করা ছিলো উল্লেখযোগ্য। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ ফুয়াদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম নোমান আলম, ছাত্র উপদেষ্টা মোঃ শাহ আলম, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের আহবায়ক ও কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এছাড়া সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রামান্যচিত্র প্রদর্শন এবং দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
